হোসেনি দালানে বোমা হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি বিএনপিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত।
গতকাল রোববার এক বিবৃতিতে এবং আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গতকালের বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেপ্তারের নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণেই পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছে। আর সেই অপকৌশলের অংশ হিসেবে সারা দেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় দেওয়ান সালাহউদ্দিন ও রেফাত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।’ মির্জা ফখরুল তাঁদের মুক্তি দাবি করেন।
শুক্রবার দিবাগত রাতে হোসেনি দালানের সামনে বোমা হামলার পরদিন শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিদেশি হত্যার সঙ্গে যখন বিএনপিকে জড়ানোর এবং অন্যান্য দলের সঙ্গে ব্র্যাকেটবন্দীর চেষ্টা করা হয়, তখন এটা সুদূরপ্রসারী চক্রান্ত বলে আমরা মনে করি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে জন্মের পর থেকে ষড়যন্ত্র হচ্ছে। এখন চক্রান্ত হচ্ছে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার।
এক সাংবাদিক প্রশ্ন করেন, বোমা হামলার ঘটনায় আইজিপি পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করেছেন। এএসআই হত্যায় ইতিমধ্যে বগুড়া বিএনপির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইজিপি বলেছেন, যারা এএসআইকে হত্যা করেছে, তারাই এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।