তারেক রহমানের সাজার বিরুদ্ধে চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ
'বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে'
তারেক রহমান যাতে নির্বাচন করতে না পারেন, সে জন্য অর্থ পাচার মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে বলে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার তারেক রহমান ও বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলেও তাঁরা অভিযোগ করেছেন। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারের সব ষড়যন্ত্র নেতা-কর্মীরা ব্যর্থ করে দেবেন বলেও নেতারা দাবি করেন।
গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে ঘিরে নাসিমন ভবন, কাজীর দেউড়ি, লাভলেইন মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। অতিথি ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও আবুল হাসেম, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে সাজা দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একনায়কতন্ত্র। এই সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কথিত মানি লন্ডারিং মামলার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আওয়ামী লীগ জঙ্গি দমনে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে তারেক রহমানের বিরুদ্ধে দ্রুত এই রায় দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘তারেক রহমান যেদিন দেশে আসবেন, সেদিন এই সরকারের পতন ঘটবে।’
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, সরকার সাজানো মামলায় আদালতকে ব্যবহার করে তারেক রহমানকে দণ্ড দিয়েছে।
যুবদল: গতকাল বেলা সাড়ে ১১টায় নাসিমন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন চট্টগ্রাম নগর যুবদলের নেতা-কর্মীরা। সমাবেশ শেষ করে দুপুর সোয়া ১২টার দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এর আগে সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ। এতে চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমেদ, কোতোয়ালি থানার আহ্বায়ক এম এ মনসুর, বায়েজিদ থানার আহ্বায়ক অরূপ বড়ুয়া, চকবাজার থানার আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন ষড়যন্ত্র করছে।