
চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান অভিযোগ করেছেন, বিএনপি এবং আসলাম চৌধুরীকে বিতর্কিত করতে সরকার বিদেশি দুটি গোয়েন্দা সংস্থাকে নিয়ে নাটক সাজিয়েছে। ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না এবং নেই। বিএনপির ক্ষতি করতে তিনটি শক্তি ষড়যন্ত্র করছে। জনগণ সব ষড়যন্ত্রের জবাব দেবে।
গতকাল রোববার চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আবু সুফিয়ান এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও আবুল হাশেম এবং নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শাহাদাত হোসেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ছেলে জয়ের দুর্নীতি সম্পর্কে খালেদা জিয়া একটি মন্তব্য করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে তড়িঘড়ি করে একটি বিতর্কিত মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মোসাদ মুসলিম বিশ্বের শত্রু। এরা অত্যন্ত দক্ষ এবং গোপনে সব কাজ হাসিল করে। আসলাম চৌধুরী ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে ভারত সফর করেছিলেন। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে তাঁর বৈঠক হতেই পারে। তদন্তের আগে ঢালাওভাবে তাঁকে এবং বিএনপিকে দোষারোপ করে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে।’
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার কিছু হলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি বলেন, ‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কেবল আসলাম চৌধুরীর বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে। বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র গণতান্ত্রিকভাবে রাজপথে মোকাবিলা করা হবে।’