'বিএনপির আন্দোলন আর সফল হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তাদের আন্দোলন আর সফল হবে না।’

গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে (ঢাকা উত্তর) সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আজকের গণসংবর্ধনা জনসমুদ্রে পরিণত হওয়া তারই প্রমাণ।

ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মেয়র আনিসুল হক তাঁকে গণসংবর্ধনা দেওয়ায় জেলা আওয়ামী লীগসহ স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘রাজনীতির মঞ্চে এসে এ প্রথম বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।’

মেয়র আনিসুল হক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, ‘তোমাদের এটুকু বলব, তোমরা বাবা-মার চোখের দিকে তাকাও। তাঁরা তোমাদের জন্য কষ্ট করছেন। যে বাবা তোমার জন্য কষ্ট করছেন, তিনি হয়তো চার বছর পর আর কষ্ট করতে পারবেন না। তাই তোমাদের দাঁড়াতে হবে। তোমরা প্রতিজ্ঞা করো “আমরা পারব”।’

জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী।