'বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের নিশ্চয়তা পেলে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে। এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। গতকাল শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রাত সাড়ে সাতটার দিকে এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নয় সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানের কার্যালয়ে যায়। ঘণ্টা খানেক কথা বলার পর তাঁরা কার্যালয় থেকে বের হন।
কার্যালয়ের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার বরাত দিয়ে এমাজউদ্দীন বলেন, বিএনপি একটি নির্বাচনী দল। তাই আসন্ন সিটি নির্বাচনে বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে। ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে চলমান আন্দোলনের রূপরেখায় পরিবর্তন আসতে পারে।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার, বোরহান উদ্দিন, মামুন হোসেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার।
জোটের বিবৃতি: ২০-দলীয় জোটের পক্ষে দেওয়া বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বলেন, সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ তাঁর কষ্টের কথা বলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে গেলেও ঢুকতে দেওয়া হয়নি। স্মারকলিপিটি কার্যালয়ের কোনো কর্মকর্তাকে দিয়ে গ্রহণ করার মতো সৌজন্যতাও দেখানো হয়নি। স্মারকলিপি গ্রহণ করেছেন একজন অফিস সহকারী।
বিবৃতিতে বলা হয়, দেশের একজন স্বনামখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মান্নার স্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন, পুলিশি হেফাজতে তাঁর স্বামীর ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। একটি স্বাধীন দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকারকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো এমন বর্বর শাসন চালাতে বাধা না দিলে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যাঁরা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।