'বিএনপির কে কী করেন, খোঁজ নেওয়া হচ্ছে'

চলমান অভিযান লোক দেখানো নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনা প্রমাণ করবেন অপকর্মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে আছেন। এই শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নয়, বিএনপির কে কী করেন, সবার খোঁজখবর নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে আজ রোববার আয়োজিত চট্টগ্রাম বিভাগের ছয়টি সাংগঠনিক জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কে কোথায় বসে কোন অপকর্ম করছেন, অপরাধ করছেন, তার খোঁজ নেওয়া হচ্ছে। সময়মতো টের পাবেন, বুঝতে পারবেন। ব্যবস্থা নেওয়া হবে। নেত্রী ঘরেরটা শেষ করে পরকে ধরবেন। সব আসবে। সব অপরাধী ধরা পড়বে এই জালে। সব অপকর্মকারী ধরা পড়বে।
ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে বলে যাচ্ছি, হুঁশিয়ারি উচ্চারণ করছি, চিহ্নিত চাঁদাবাজেরা সাবধান হয়ে যান, টেন্ডারবাজেরা, ভূমিদস্যুরা, মাদক ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন শুরু হয়ে গেছে। অপকর্ম করে কেউ পার পাবেন না। নিজের লোককে শায়েস্তা করার সৎ সাহস শেখ হাসিনার আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বড় বড় কথা বলছেন। বিএনপির নেতাদের বলতে চাই, একটা প্রমাণ দেখান, দলের অপরাধীদের একজনেরও আপনারা শাস্তি দিয়েছেন কি না। বিএনপির সময় দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তাঁদের মুখে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য ভূতের মুখে রাম নাম। হাওয়া ভবনের লুটপাটের কথা এ দেশের মানুষ ভুলে যায়নি।’
তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে বিদেশে গিয়েছিলেন। এখন বিদেশে বসে ষড়যন্ত্রের ঘুঁটি চালছেন তিনি। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন তারেক রহমান।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে দলটি বসে নেই। তারা ষড়যন্ত্রমূলক রাস্তায় এগিয়ে যাচ্ছে। তারা হত্যার ইস্যু খুঁজছে। নেতা-কর্মীদের বলব, তুচ্ছ ঘটনা ঘটিয়ে আমাদের প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না। আবরার হত্যাকাণ্ডের পর আমাদের নেত্রীর নির্দেশে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নুসরাত হত্যার মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে। সোনাগাজীর তিন নেতার ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু কোনো ছাড় নেই। শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি কোনো ছাড় দেবেন না।’

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস জনগণ। উন্নয়ন অনেক হয়েছে, শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়নের সঙ্গে নেতা-কর্মীদের আচরণ ঠিক না হলে এই উন্নয়ন ম্লান হয়ে যাবে। দল ভারী করার জন্য বসন্তের কোকিলদের দলে ভেড়াবেন না। মৌসুম এলে বসন্তের অতিথিরা আসবে। দুঃসময়ে তাদের পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘নিজ দলের নেতা-কর্মীদের আওয়ামী লীগ সরকার ছাড় দেয়নি। আমাদের অনেক এমপিকেও দুদক নোটিশ দিয়েছে। কোনো কোনো সাবেক মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। একজন এমপি দণ্ডিত হয়ে জেলে আছেন। আমরা আদালতের ওপর হস্তক্ষেপ করি না। আমরা কখনো দুদককে বলব না, অমুককে ছেড়ে দিন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। যে কেউ আওয়ামী লীগে আসতে পারে। তবে যারা আগুন-সন্ত্রাস করেছে, যুদ্ধাপরাধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের দলে নেব না। যারা সৎ, যোগ্য এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, কেন্দ্রের অনুমতি নিয়ে তাদের দলে নেওয়া যেতে পারে। খারাপ লোকদের দ্রুত দল থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।’
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দলে অনেক অনুপ্রবেশকারী-সুবিধাবাদী লোক ঢুকেছে। তৃণমূল পর্যায়েও ঢুকেছে। সুবিধাবাদী-বর্ণচোরাদের বাদ দিয়ে সংগঠনকে পরিষ্কার করার সময় এটা। যেসব ছারপোকা-উইপোকা দলে ঢুকেছে, তাদের বের করে দিতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম ও বিপ্লব বড়ুয়া।
সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সভা। বেলা আড়াইটায় ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন মোছলেম উদ্দিন আহমেদ। সভায় ছয়টি সাংগঠনিক জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ডের প্রতিনিধি ছাড়াও সাংসদ ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন।