'বিগত আন্দোলনে কিছুটা সহিংসতা হয়েছে'
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেছেন, বিগত আন্দোলনের একটা পর্যায়ে কিছু লোকের অতিরিক্ত বাড়াবাড়িতে কিছুটা সহিংসতা হয়েছিল। এ জন্য পরে আন্দোলন নিয়ন্ত্রণে আনা হয়।
কেন্দ্রীয় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বান্দরবানে আয়োজিত কর্মী সম্মেলনের আগে সাংবাদিকদের এ কথা বলেন গোলাম আকবর খন্দকার।
পর্যটন মোটেলের মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরির সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
সম্মেলনে জেলার সাত উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে বিএনপি থেকে বহিষ্কৃত মাম্যাচিংয়ের পক্ষের কাউকে সম্মেলনে দেখা যায়নি।
গোলাম আকবর খন্দকার বলেন, স্বৈরাচারী অবৈধ সরকারকে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে আন্দোলনের বিকল্প নেই। তিনি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।