প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা একজোট হয়ে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়।
সম্মেলনটি সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়। এখনো তা চলছে। এতে গুম-খুন হওয়া শতাধিক ব্যক্তির স্বজনেরা যোগ দিয়েছেন।

সম্মেলনের প্রথম ভাগে গুম হওয়া ব্যক্তিদের পক্ষে ২০ পরিবারের সদস্যরা তাঁদের কষ্টের কথা জানান। মঞ্চে যখন তাঁরা চোখের সামনে স্বজনদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করছিলেন, মঞ্চের সামনে বসা অন্যদের তখন চোখ মুছতে দেখা যায়। অনেকে কেঁদে লুটিয়ে পড়েন। প্রায় প্রত্যেকেই সম্মেলনস্থলে হাজির হয়েছেন স্বজনের ছবি বুকে টাঙিয়ে।
প্রত্যেকেই বলেছেন, তাঁরা র্যাব, ডিবি, থানার কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কোনো সুরাহা হয়নি। কেউ তাঁদের খোঁজ নেন না।
নিখোঁজ বিএনপিদলীয় ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের মেয়ে বলেন, ‘শুধু বাবা যেদিন গুম হয়েছিলেন, সেদিনটিতে বিএনপি থেকে ফোন আসে। সারা বছর কেউ খোঁজ নেয় না।’
অনুষ্ঠানটি পরিচালনা করছেন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন।