'বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধন বিল পাস হলে বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। অবৈধ সংসদের নিয়ন্ত্রণে চলবে বিচার বিভাগ। ক্ষমতাকে চিরস্থায়ী করার নীলনকশার অংশ হিসেবে সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করছে।’
গতকাল সোমবার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আয়করবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আগ্রাবাদের একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
নোমান বলেন, ‘দেশে অঘোষিতভাবে বাকশালী শাসন চলছে। সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। একদলীয় নির্বাচনের মাধ্যমে সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে। সম্প্রচার নীতিমালার নামে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। সর্বশেষ ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি শেষ করেছে।’
সরকারের সমালোচনা করে নোমান বলেন, ‘আমাদের আর বসে থাকার সময় নেই। খালেদা জিয়া শিগগিরই মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সেই আন্দোলনে সর্বস্তরের মানুষকে শামিল হয়ে সরকার পতন ত্বরান্বিত করতে হবে।’
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল ট্রাইব্যুনালের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান। এতে বিশেষ অতিথি হিসেবে কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন আহমদ বক্তৃতা করেন।