'বিচারপতিদের অভিশংসন একদলীয় ব্যবস্থা পাকাপোক্তের অভিলাষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার অভিলাষ থেকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, ক্ষমতাসীনেরা অন্যরূপে বাকশাল কায়েমের জন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন, সম্প্রচার নীতিমালার মতো কালো আইন প্রণয়নের কাজ করছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মন্ত্রিসভায় ষোড়শ সংবিধান সংশোধন বিলের খসড়া অনুমোদনের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে এ কথা বলেন ফখরুল।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জনগণকে ভয় পায়। তাই এখন বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায়। এ জন্য বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা নিজেদের কাছে রাখতে চায়। এর মাধ্যমে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় এই অবৈধ সরকার। তিনি বলেন, সম্প্রচার নীতিমালা করে মানুষের মত প্রকাশের অধিকার হরণ করতে চায় সরকার। তিনি অভিযোগ করেন, দেশকে একদলীয় শাসনের দিকে নিতে সরকার উঠেপড়ে লেগেছে।