
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার দুপুরে নেতা-কর্মীরা স্বাগত জানাতে এলে তাঁদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বিজয় মিছিল করার সময় এখন নয়। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারলে এবং বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে পারলে আমরা বিজয় মিছিল করব।’
মহিবুলের সঙ্গে থাকা দলের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নেতাগিরি করতে আমাকে পদ দেননি প্রধানমন্ত্রী। পদ দিয়েছেন দেশ ও সংগঠনের জন্য কাজ করতে। আমাদের লক্ষ্য চট্টগ্রামের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা।’
বৃহত্তর চট্টগ্রামের নয়জন নেতা এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন। তাঁদের মধ্যে মহিবুল হাসান চৌধুরী ও আমিনুল ইসলাম গতকাল দুপুর পৌনে একটায় ‘সোনার বাংলা’ ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। তাঁদের চট্টগ্রামে আগমন উপলক্ষে পুরোনো স্টেশন চত্বরে একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ করা হয়।

মহিবুল হাসান চৌধুরীর বাবা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মা হাসিনা মহিউদ্দিন দুপুরে রেলস্টেশনে যান। মহিউদ্দিন চৌধুরী মঞ্চে না ওঠে গাড়িতেই ছিলেন। সমাবেশ পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তৃতা করেন।
দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিবুল হাসান চৌধুরী। দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে তিনি নেতা-কর্মীদের দোয়া ও সমর্থন চান।
দুই নেতাকে বরণ করে নিতে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এবং বাস ও ট্রাকে চড়ে শত শত নেতা-কর্মী নগরের বটতলীর পুরোনো রেলস্টেশনে জড়ো হন। এ কারণে গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত স্টেশন সড়ক, টাইগারপাস, নিউমার্কেটসহ নগরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে দীর্ঘ সময় আটকা পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
টাইগারপাস থেকে নিউমার্কেট পর্যন্ত যেতে বাসে করে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ১৫ মিনিট লাগে। কিন্তু গতকাল দুপুরে মিছিল ও সমাবেশের কারণে ওই পথ পাড়ি দিতে লেগে যায় প্রায় এক ঘণ্টা। এতে ভোগান্তির শিকার হন এসব পথে চলাচল করা হাজারো মানুষ।