'বিজয়' আনন্দের পর আবার নির্বাচনী মাঠে
পাঁচ দিন আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ‘বিজয়ী’ হওয়ার খবরে মিষ্টি বিতরণ করেছিলেন সমর্থকেরা। পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু উচ্চ আদালতের আদেশে নির্বাচনী মাঠে ফিরলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিজয়ের আনন্দ ছেড়ে আবারও প্রচারণায় নামলেন কর্মী-সমর্থকেরা।
এ ঘটনা বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। আওয়ামী লীগের প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়। হাইকোর্টের আদেশে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় আগের ফলাফল বাতিল করে গত বুধবার নতুনভাবে প্রতীক বরাদ্দ ও ভোট নেওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। আগামী ৪ জুন এখানে ভোট হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফাঁপোড় ইউপিতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বাছেদ প্রামাণিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহররম আলী ও লুৎফর রহমান মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের দিন ঋণ খেলাপের দায়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন লুৎফর রহমান ও মহররম আলী।
প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০ মে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ খবরে আবদুর রাজ্জাকের সমর্থকেরা এলাকায় মিষ্টি বিতরণ করেন। কিন্তু মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে গত মঙ্গলবার আবদুল বাছেদ প্রামাণিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। আবদুল বাছেদ বুধবার আদালতের আদেশের নথি জমা দেন নির্বাচন কমিশনে। আদালতের আদেশ পেয়ে রিটার্নিং কর্মকর্তা আগের ফলাফল বাতিল ঘোষণা করে বিএনপির প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।
রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক বলেন, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর ওই ফলাফল বাতিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। প্রার্থীদের দলীয় প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী আবদুল বাছেদ প্রামাণিক বলেন, ‘বৃহস্পতিবার (গতকাল) থেকে পুরোদমে প্রচারণা শুরু করেছি।’ আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আবার তাঁরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন।