ওয়ার্ডভিত্তিক সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিতে সব শ্রেণি-পেশা ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি রাখতে হবে। মুক্তিযুদ্ধবিরোধী ও বিতর্কিত কেউ যেন কমিটিতে ঠাঁই না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন বিষয়ে সভায় এ কথা বলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
সভায় সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ১১ থেকে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এসব ওয়ার্ডের রাজনৈতিক নেতাসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ওয়ার্ডের আয়তন অনুযায়ী সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি করতে হবে। সাত দিনের মধ্যে এই কমিটির সদস্যদের তালিকা দিতে হবে। প্রতি ওয়ার্ডে কাউন্সিলর কমিটির প্রধান হবেন। তবে কোনো ওয়ার্ডে বিতর্কিত কাউন্সিলর থাকলে সেখানে অন্য কাউকে কমিটির প্রধান করতে হবে। নগরের সব ওয়ার্ডের কমিটির তালিকা পাওয়ার পর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। এরপর এই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গতকালের সভায় আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের পাশাপাশি দুজন বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরও উপস্থিত ছিলেন। তাঁরা হলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম ও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মো. ইয়াছিন চৌধুরী। সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, এ কে এম জাফরুল ইসলাম, মো. ইয়াছিন চৌধুরী, মো. হারুনুর রশীদ, আনজুমান আরা বেগম, আবিদা আজাদ, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুর কবীর, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ।