'বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করাই উদ্দেশ্য'

স্বাধীনতাবিরোধীরা নতুন উদ্যমে বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে যুবলীগের এক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতাবিরোধীদের গাত্রদাহ হচ্ছে। আর সে জন্যই ওই গোষ্ঠী যেকোনো ষড়যন্ত্র করতে তৎপর। আমাদের অর্জনে তাদের গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক। তাই নতুন উদ্যমে তারা বিদেশিদের হত্যা করে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করতে চাইছে।’
আমু বলেন, ‘আমাদের বলা হয় ভারতের দালাল। আমরাই ভারতের বিরুদ্ধে মামলা করেছি। অন্য কোনো সরকার করেনি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনাই মামলা করেছিল। অন্য কোনো সরকার প্রধান তা করেনি। যারা উন্নয়ন দেখে না, তাদের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল। আন্দোলনের নামে ২০১৪ সালে যারা মানুষ হত্যা করেছে। তাদের সব ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগের নেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান ও ইকবাল মাহমুদ। সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।