'বিদেশে বসে ষড়যন্ত্র' আজগুবি কথা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগকে মনগড়া ও আজগুবি বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি এ ধরনের ‘অসত্য’ প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র এই আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সরকার কতটা অমানবিক হলে তাঁর প্রতি এ ধরনের মন্তব্য করতে পারে। মানুষ এসব অপরাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েক দিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার আজগুবি, ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আবারও প্রতিবাদ করছি। সরকারপ্রধানের পক্ষ থেকে এ ধরনের হাস্যকর অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
আসাদুজ্জামান বলেন, জ্বালাও-পোড়াও রাজনীতির সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের লোকেরাই বিগত আন্দোলনে নানা জায়গায় পেট্রলবোমা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে তারা ধরাও পড়েছে। ‘সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ’ নামের একটি সংগঠন তাদের প্রকাশনায় এ ব্যাপারে সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতার ঘটনাগুলো তুলে ধরেছে।