'বিদ্যাসাগর পুরস্কার' পাচ্ছেন সৈয়দ আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রথম আলো ফাইল ছবি
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রথম আলো ফাইল ছবি

এ বছরের ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সৈয়দ আবুল হোসেন ছাড়াও আরও পাঁচজন এই বছর এ পুরস্কার পাচ্ছেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ আবুল হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই অনুষ্ঠানে সৈয়দ আবুল হোসেনের লেখা ‘বিদ্যাসাগর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে অবদান, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সর্বোপরি, শিক্ষার জন্য সুন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য সৈয়দ আবুল হোসেনকে এ পদকটি প্রদান করা হচ্ছে।

এর আগে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য শেরেবাংলা পদক, মোতাহার হোসেন পদক ও ড. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদকসহ ২২টি পদক ও সম্মাননা পেয়েছেন আবুল হোসেন।

উপমহাদেশের বিশিষ্ট শিক্ষা সংস্কারক বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এ পদকটি প্রবর্তন করা হয়েছে। উল্লেখ্য, অগাধ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বাংলা ভাষার সংস্কারক ও বাংলা গদ্যের জনক। তিনি বিধবা বিবাহের সপক্ষে এবং বহু বিবাহের বিপক্ষে সক্রিয় আন্দোলন গড়ে তুলেছিলেন। ১৮৫৬ সালে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইনে সিদ্ধ ঘোষণা করেন। নারী শিক্ষার জন্য তিনি কিংবদন্তি।