'বিদ্রোহীদের' মদদদাতারা ইউপির প্রার্থী বাছাইয়ে থাকবেন না: হানিফ
পৌর নির্বাচনে যেসব নেতা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছেন, তাঁরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
হানিফ বলেন, ইউপি নির্বাচনের জন্য দ্রুত চেয়ারম্যান পদের প্রার্থী বাছাই করে দলীয় প্যাডে কেন্দ্রে পাঠাতে প্রতিটি জেলা ও উপজেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় তৃণমূলের নেতারা গত ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করেছেন, তাঁরা এবার ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ে অংশ নিতে পারবেন না। ইউপি নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে তৃণমূলের মনোনয়ন বোর্ড গঠন করা হয়। তাঁরা ইউপি চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠাবেন। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত মনোনয়ন দেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।