'বিদ্রোহী' প্রার্থীরা সরব বিপাকে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউপির ছয়টিতে ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ। প্রথমবারের মতো তৃণমূলে জাতীয় প্রতীকে হতে চলা এই নির্বাচনে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বসে নেই ‘বিদ্রোহী’ প্রার্থীরাও। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। উপজেলার ছয়টির মধ্যে চারটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বর্তমান এক চেয়ারম্যানসহ পাঁচজন বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝলইশালশিরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম। চন্দনবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল কাদেরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মহানন্দ রায়। বোদা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন প্রধান। পাঁচপীর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী খয়রুল আলম খান। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য কবির প্রধান।
বোদা ইউপির আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান বলেন, দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও দলের দায়িত্বশীল নেতা-কর্মীদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না।
বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম বলেন, ‘দলীয় প্রার্থীর বিপক্ষে কোনো নেতা-কর্মী কাজ করছেন—এমন অভিযোগ আমার জানা নেই। যদি নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তা হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’