মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ও টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।
জেলা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য পঞ্চসারে গোলাম মোস্তফা ও বেতকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলম শিকদার ওরফে বাচ্চু শিকদারের নাম কেন্দ্রে পাঠান। মোস্তফা সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে মনোনয়নবঞ্চিত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ইউনিয়নেই দলীয় প্রার্থী পরিবর্তন করে কেন্দ্র। এর ফলে বেতকায় বর্তমান চেয়ারম্যান ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শওকত আলী খান এবং পঞ্চসারে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার খান মনোনয়ন পান। কেন্দ্রের এ সিদ্ধান্ত মানতে না পেরে নিজ নিজ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হন আলম শিকদার ও গোলাম মোস্তফা। দুজনের পক্ষে প্রচারণায় জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ স্থানীয় নেতা-কর্মীরা মাঠে নেমেছেন।
পঞ্চসারে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান। তবে বেতকায় বিএনপির প্রার্থী নেই। এখানে বিএনপির প্রার্থী হিসেবে আবদুর রব খান মনোনয়নপত্র জমা দিলেও পরে প্রত্যাহার করে নেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, ইউপি নির্বাচন নিয়ে সহিংস ঘটনার একটি মামলায় গোলাম মোস্তফা কারাগারে রয়েছেন। তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছউজ্জামান, মহিউদ্দিনের ছেলে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল ওরফে বিপ্লব, আনিছউজ্জামানের দুই ছেলে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ও জালাল উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। আর আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার সাংসদ মৃণাল কান্তি দাসের কাছের লোক বলে এলাকায় পরিচিতি।
গতকাল রোববার মোহাম্মদ ফয়সালের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি। পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘আমরা সবাই গোলাম মোস্তফার পক্ষে নেমেছি। ইতিমধ্যে মেয়র ফয়সাল, উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামানসহ সবাই মিটিং করে ঐক্যবদ্ধ হয়েছি।’
পঞ্চসারের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার বলেন, তাঁর সঙ্গে দলের সাধারণ কর্মীরা রয়েছেন। তবে ইউনিয়ন আওয়ামী লীগ ও পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগের অনেকেই তাঁর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি তিনি স্থানীয় সাংসদকে জানিয়েছেন।
বেতকায় বিদ্রোহী প্রার্থী আলম শিকদারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লাসহ অধিকাংশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। আলম শিকদার বলেন, ‘তৃণমূল আমাকে মনোনীত করে কেন্দ্রে নাম পাঠিয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষ অর্থের বিনিময়ে সেটা পরিবর্তন করে মনোনয়ন নিয়ে নেয়। কিন্তু জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আমার পক্ষে প্রচারণায় রয়েছেন।’
বেতকার আওয়ামী লীগের প্রার্থী মো. শওকত আলী খান বলেন, ‘ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি বিষয়টি কেন্দ্রকে লিখিতভাবে জানানোর প্রস্তুতি নিয়েছি।’