'বিদ্রোহে' ভরাডুবির শঙ্কা আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নয়টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯ জন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এ কারণে একাধিক ইউপিতে দলীয় প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন এ উপজেলার ১০ ইউপিতে ভোট হবে। বংশীকুণ্ডা উত্তর ছাড়া সবকটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
বংশীকুণ্ডা উত্তরে আওয়ামী লীগের আবদুস সাত্তার ও বিএনপির বিল্লাল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন নূর নবী তালুকদার।
সেলবরষ ইউপিতে আওয়ামী লীগের আলাউদ্দিন শাহ ও বিএনপির আলী আমজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন নূর হোসেন, বেনজীর আহমেদ তালুকদার ও আবু হেনা।
পাইকুরাটি ইউপিতে আওয়ামী লীগের ফেরদৌসুর রহমান ও বিএনপির মাহবুব মুর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোজাম্মেল হক, রেহান উদ্দিন, মতিন্দ্র চন্দ্র তালুকদার ও এস এম সুজিত। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম।
ধরমপাশা সদর ইউপিতে আওয়ামী লীগের ফখরুল ইসলাম চৌধুরী ও বিএনপির মো. নূরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম আহম্মেদ।
মধ্যনগর ইউপিতে আওয়ামী লীগের প্রবীর বিজয় তালুকদার ও বিএনপির আবদুল কাইয়ুম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরিতোষ তালুকদার, বিএনপির বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন।
চামরদানী ইউপিতে আওয়ামী লীগের আলমগীর খসরু ও বিএনপির মো. সবুজ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রভাকর তালুকদার, জাকিরুল আজাদ, রাধিকা রঞ্জন তালুকদার। বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন মো. মোশারফ হোসেন।
জয়শ্রী ইউপিতে আওয়ামী লীগের সঞ্জয় রায় চৌধুরী ও বিএনপির ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের মোকাররম হোসেন ও বিএনপির মো. নূরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রাজা চৌধুরী ও মোকাব্বির হোসেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপিতে আওয়ামী লীগের ফরহাদ আহমেদ ও বিএনপির আবদুর রহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহিত লাল তালুকদার।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের আজিম মাহমুদ ও বিএনপির আবুল কাশেম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আকরাম হোসেন, সাইদুর রহমান ও সানোয়ার হোসেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী সুজন মিয়া ও নূরুজ্জামান সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই এখন দলের প্রার্থীদের বিষফোড়া হয়ে দাঁড়িয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে একাধিক ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালিব খান বলেন, প্রকৃতপক্ষে এ উপজেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে একজন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। দলে তাঁর কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় দলীয় মনোনয়ন বোর্ড তাঁকে মনোনয়ন দেয়নি। পরে তিনি প্রার্থী হয়েছেন।