'বিদ্রোহীদের' তৎপরতায় প্রচারে নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদরে নির্বাচনী প্রচার-প্রচারণা জমতে শুরু করেছে। গত বুধবার আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর ব্যাপক তৎপরতা এবার প্রচার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
মেয়র পদে আওয়ামী লীগের তিন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি কামরুল আহসান।
আনুষ্ঠানিক প্রচার শুরুর পর গত বুধবার বিকেলে শহরের কালীবাড়ি এলাকায় একটি উঠানবৈঠক করেছেন শাহাদাত হোসেন। এ ছাড়া সারা দিন তিনি শহরের কাঁচা বাজার, মাছ বাজার, পৌর হকার্স মার্কেট, সদর সড়কসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংক-বিমার কার্যালয়ে গিয়ে গণসংযোগ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর নিরলসভাবে কাজ করে বরগুনা শহরকে আধুনিক করেছি। তবু দল মনোনয়ন দেয়নি। এ জন্য সাধারণ ভোটাররা মর্মাহত। আমি জনগণের মাঝে ছিলাম এবং শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকতে চাই বলেই নির্বাচনে প্রার্থী হয়েছি।’
বুধবার দুপুরে শাহাদাত হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন, তাঁর প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এ জন্য তিনি নিজের জীবন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ব্যক্ত করেন।
মো. শাহজাহান বুধবার রাতে শহরের ডিকেপি সড়ক এলাকায় বৈঠক করেন। গতকাল সকালে তিনি চরকলোনিতে গণসংযোগ করেন। মো. শাহজাহান বলেন, ‘আমাকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলা সমীচীন নয়। কারণ, আমি স্থানীয়ভাবে যখন মনোনয়ন চেয়েছি তখনই জেলা নেতারা বলে দিয়েছেন আমাকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। তাই আমি সমর্থকদের নিয়ে প্রার্থী হয়েছি।’
কামরুল আহসান বুধবার রাতে কালীবাড়ি এলাকায় উঠানবৈঠক করেন। গতকাল তিনি ক্রোক, ডিকেপি সড়ক এলাকায় গণসংযোগ করেন। কামরুল আহসান বলেন, ‘নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর গণসংযোগে নেমে বেশ সাড়া পাচ্ছি।’