'বিদ্রোহী' নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ। সেই তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি।
উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ১০ জন। অন্যদিকে ছয়টির মধ্যে কেবল একটিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন।
টেকনাফের ছয়টি ইউনিয়নে ২২ মার্চ ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৪২ জন। এর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়।
আওয়ামী লীগ সূত্র জানায়, হোয়াইক্যং ও সেন্ট মার্টিনে একজন করে এবং হ্নীলা, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর দলীয় নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দলীয় মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা হ্নীলা ও সাবরাংয়ে বিক্ষোভ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী বলেন, ‘দলীয় মনোনয়নে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষিত হয়েছে। এ কারণে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি।’
এদিকে হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর ও সেন্ট মার্টিনে বিএনপির কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী নেই। কেবল সাবরাং ইউনিয়নে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম বলেন, ‘আমাদের দলে বিদ্রোহী প্রার্থী নেই। ছয়টি ইউনিয়নে দল মনোনীত প্রার্থীর বাইরে কেবল সাবরাংয়ে মো. ইসমাঈল কৌশলগত কারণে মনোনয়নপত্র দাখিল করেছেন।’
তবে শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাঈল বলেন, তিনি ‘কৌশলগত’ প্রার্থী নন। তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করবেন।