চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী গতকাল বুধবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অস্বস্তিতে আছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যতই ঘনিয়ে আসছে, অস্বস্তির মাত্রা ততই বাড়ছে।
দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি বদিউল আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য সফিউল আলম। এ ছাড়া দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ পৌর কমিটির সহসভাপতি সিরাজ-উদ-দৌলা ছুট্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত সোমবার স্থানীয় সাংসদ দিদারুল আলম ও আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়াসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সফিউল আলমের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক রায়হান উদ্দীন রেহান ও সফিউল আলম বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন।
সফিউল আলমের দাবি, ‘দলীয় মনোনয়নপত্র আমার অনুকূলে পাঠিয়েছেন নেত্রী। তাই আমিই দলীয় প্রার্থী।’
‘বিদ্রোহী’ প্রার্থী সিরাজ-উদ-দৌলা মনে করছেন, দলের একাংশ তাঁর পক্ষে কাজ করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের পৌরসভা কমিটির সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি গড়ে উঠেছে। এ কারণে তাঁর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নেই।
বদিউল আলম বলেন, দল ও জনগণের কাছে ওই দুই প্রার্থীর কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই দল তাঁদের মনোনয়ন দেয়নি। তিনি নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
রায়হান উদ্দীন রেহান বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থী থাকলেও নৌকা প্রতীকের পক্ষে নেতা-কর্মীরা কাজ করবেন। ১৩ তারিখের মধ্যে ‘বিদ্রোহী’ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।