‘আমাদের ২১-২২ বছর বয়সী তরুণদের ওষুধ খাইয়ে বিপজ্জনক পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানদের হাতে আগুন দেবেন, তাদের নিয়ে চক্রান্ত করবেন, তাদের ইয়াবা খাওয়াবেন—তা হবে না। বাঙালি বীরের জাতি। এই জাতিকে ধ্বংস হতে দেব না।’
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ১৪ দলের পদযাত্রাপূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে সমাবেশের পর ১৪ দলের নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি রাইফেল ক্লাব, নিউমার্কেট, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস হয়ে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদী কর্মসূচি শুরু করেছি মাত্র। এই আন্দোলন ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। আমরা মাঠে আছি এবং থাকব। আগামী রোববার বাদামতলী আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত আবার পদযাত্রা বের করা হবে।’ তিনি আরও বলেন, ‘মুজিব কোট পরে আওয়ামী লীগ সেজে যাঁরা জঙ্গি ও জামায়াত-শিবিরকে অর্থ সহায়তা দিচ্ছেন, গোপন আঁতাত করছেন, তাঁদের তালিকা তৈরি করে পুলিশ কমিশনারকে দেওয়া হবে। পুলিশ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এঁদের কোনো ক্ষমা নেই।’
সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের যখন বিচার চলছে, সাজা হচ্ছে, তখন পরাজিত অপশক্তি ষড়যন্ত্র করে চলেছে। এই সুযোগে জঙ্গিরা বিএনপি-জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে। জঙ্গিরা নিরীহ মানুষ খুন করে দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলার চেষ্টা করছে। কিন্তু বাঙালি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। জঙ্গিবাদ নির্মূল করে বাঙালি ঘরে ফিরবে।’
সমাবেশে সিডিএর চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, ‘বাঙালি জাতি কঠিন সময়ে ঐক্যবদ্ধ হতে জানে। বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত সেটা প্রমাণিত হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জাতি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দীন খালেদ সেলিম।