'বিপ্লব ও সংহতি দিবস' পালন করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বিএনপি।
দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি মোনাজাতে অংশ নেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কবর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তা নস্যাৎ করে দেশপ্রেমিক সৈনিক ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসে বলেও তিনি দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে খুনি বলে আওয়ামী লীগ যে বক্তব্য দেয় তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকট চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ অবস্থার উত্তরণ হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ৩ নভেম্বর সেনাবাহিনীতে শুরু হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান। ওই রাতে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। এসব ঘটনাপ্রবাহের একপর্যায়ে বন্দী হন সে সময়ের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন তিনি। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
আজ ঢাকায় সমাবেশ: ৭ নভেম্বর উপলক্ষে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। বেলা তিনটায় সমাবেশ শুরু হবে। এতে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।