'বিশেষ অভিযানে' নয় জেলায় গ্রেপ্তার ৩৪২
‘বিশেষ অভিযানে’ গত রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত নয়টি জেলা থেকে ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ৬৭ জন বিএনপির ও ১২৮ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বাকি ১৪৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
সরকার বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
সাতক্ষীরা: বিভিন্ন উপজেলা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের ৩০ জন। বাকি ১৬ জন বিভিন্ন মামলার আসামি।
বরিশাল: জেলার বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপির ৯ এবং জামায়াত-শিবিরের ৮ জন। বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে হলেন জেলা বিএনপি (দক্ষিণ) সহসভাপতি আলী হায়দার বাবুল এবং জামায়াতের মহানগর শাখার নায়েবে আমির বজলুর রহমান।
হবিগঞ্জ: জামায়াত-শিবিরের ছয় এবং বিএনপির একজনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির গ্রেপ্তার হওয়া নেতার নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দল হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। অন্য তিনজন বিভিন্ন মামলার আসামি।
সিরাজগঞ্জ: জেলা সদর ও উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সদরে ৩৩ ও উল্লাপাড়ায় একজন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির ১৩ ও জামায়াত-শিবিরের ২১ জন। পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
লক্ষ্মীপুর: জেলার বিভিন্ন স্থানে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে বিএনপির তিন ও জামায়াতের নয়জন নেতা-কর্মী। গ্রেপ্তার অপর ৪৩ জন বিভিন্ন মামলার আসামি।
দিনাজপুর: ১৩টি উপজেলায় অভিযান চালিয়ে ১২৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এঁদের মধ্যে বিএনপির ৪০, জামায়াতের ২৮ ও শিবিরের আটজন। পুলিশ বলছে, এঁরা সবাই বিভিন্ন মামলার আসামি। বাকি ৫২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ: পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়া: জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ জাকারিয়া ওরফে উৎপলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের কলেজ মোড়ে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি কাটাবন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধারের কথা বলেছে পুলিশ।
রংপুর: তারাগঞ্জ উপজেলার দোহাজারী গ্রাম থেকে রোববার রাতে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই ব্যক্তি নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।