আওয়ামী লীগের জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৪ বছর আগে। সেই কমিটি দিয়ে এখন কোনোরকমে কার্যক্রম চললেও নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। কোন্দলও বাড়ছে। এতে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৭ সালের ৮ মার্চ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সময় সাবেক সাংসদ আবদুল মালেক সভাপতি ও ছানোয়ার হোসেন বাদশা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছরের জন্য গঠিত হয় ৬১ সদস্যবিশিষ্ট কমিটি। ইতিমধ্যে কমিটির আটজন মারা গেছেন। দুজন চাকরিতে যোগদান করেছেন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বহু পুরোনো হওয়ায় অনেক নেতাই বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। নেতৃত্বও ধারা-উপধারায় বিভক্ত। মূলত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতৃত্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সাংসদ মুরাদ হাসান। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ছানোয়ার হোসেন বাদশা। দুই নেতার দলীয় কার্যালয়ও ভিন্ন। একটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে, অন্যটি শিমলা বাজারে।
নেতা-কর্মীরা জানান, ২০০৮ সালের এবং চলতি বছর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মধ্যে নানা কোন্দল দেখা দেয়। সে কারণে এবারের সংসদ নির্বাচনে ডজন খানেক প্রার্থী মনোনয়ন চান। এ নিয়ে তাঁদের অনুসারী স্থানীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন।
২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আবদুল মালেক চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি দলীয় পদ ছেড়ে দিলে সভাপতির দায়িত্ব পান মেয়াদোত্তীর্ণ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ। পরে ২০১২ সালে আবদুল মালেক আবার সভাপতির পদ ফিরে পান। এভাবেই জোড়াতালি দিয়ে চলছে দলের কার্যক্রম।
এ বছরের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। জাতীয় পার্টির সাংসদ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচিত হন। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। পৌরসভার মেয়র পদেও রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।
চর রৌহা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মনজুরুল ইসলাম বলেন, ‘দলীয় কোন্দলের জন্য আমরা এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদ হারিয়েছি। আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখন আমরা বিপদে আছি।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে শাহজাদা বলেন, কমিটি না হওয়ায় দলে কোন্দল বেড়েই চলছে। নেতা-কর্মীরা এই ‘বুড়ো কমিটির’ ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।
ছানোয়ার হোসেন বাদশা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত-বিএনপির দেওয়া হামলার মামলায় নেতা-কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক সাংসদ মুরাদ হাসানের একক আধিপত্যের কারণে সম্মেলন করা সম্ভব হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল ওয়াহাব বলেন, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এতে কোন্দল দিন দিন বাড়ছে।
আবদুল মালেক বলেন, ‘সম্মেলন না হওয়ায় কোন্দল অনেক বেড়ে গেছে। আমরা এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র পদ হারিয়েছি।’
জেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ হাসান জানান, ১৮ বছরের এ কমিটি এখন বয়োবৃদ্ধ হয়ে পড়েছে। তরুণ নেতৃত্ব আসতে পারে নাই। কমিটির অর্ধেক সদস্য বেঁচে নেই। এ কমিটি এখন আর সক্রিয় নয়। শিগগিরই কমিটি গঠন করা না হলে এখানে দলের অস্তিত্ব থাকবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ চৌধুরী বলেন, শিগগিরই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।