'বড় ভাই' রাজনীতির বলি হলেন খালেদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিয়ানীবাজারে ছাত্রলীগের নামে ছয়টি পক্ষ আছে। কমিটি না থাকার কারণে ‘বড় ভাই’য়েরা এসব পক্ষের নেতৃত্ব দেন

দুই পক্ষের সংঘর্ষের কারণে প্রায় এক বছর ধরে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম নেই। সংগঠনটির উপজেলা কমিটি নেই প্রায় ১৩ বছর। এ অবস্থায় কলেজটিতে ছাত্রলীগের নামে চলে ‘বড় ভাই’য়ের রাজনীতি। গত সোমবার এরই বলি হয়েছেন খালেদ আহমদ ওরফে লিটু।

গত সোমবার রাতে মামলা হলেও এ পর্যন্ত খালেদ হত্যার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যার কারণও জানা যায়নি। তবে পরিবারসহ স্থানীয় ব্যক্তিদের সন্দেহ, খালেদকে যাঁরা মুঠোফোনে ডেকে নিয়ে গেছেন, তাঁরাই মেরেছেন।

খালেদ আহমদ (২৫) বিয়ানীবাজার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের খাসা গ্রামের খলিল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সেখানে গেলে খালেদের মামা জালাল উদ্দিন বলেন, খালেদ সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর মুঠোফোনের দোকান শুরু করেন। রাজনীতি নয়, সঙ্গীদের কারণে কলেজে যাতায়াত করতেন। খুনিদের শনাক্ত করতে খালেদের মুঠোফোনটি উদ্ধার করে কললিস্ট বের করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও কলেজ সূত্রে জানা যায়, বিয়ানীবাজারে ছাত্রলীগের নামে ছয়টি পক্ষ আছে।কমিটি না থাকার কারণে ‘বড় ভাই’য়েরা এসব পক্ষের নেতৃত্ব দেন। সাংগঠনিক কার্যক্রম না থাকায় ছাত্র না হলেও খালেদের মতো অনেকে এসব পক্ষের সঙ্গে রাজনীতি করেন।

গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদের পক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশেক মাহমুদের পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে খালেদসহ পাভেল পক্ষ ইংরেজি বিভাগের কক্ষে আশ্রয় নেয়। দুপুর ১২টার দিকে কলেজটির ইংরেজি বিভাগের ১২০ নম্বর কক্ষে গুলির শব্দ পাওয়া যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় খালেদকে উদ্ধার করে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ জুলাই পর্যন্ত কলেজটিতে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজে সংঘর্ষকালে এটির প্রধান ফটকের বাইরে শ্রমিক সংগঠনের দুটি পক্ষের মধ্যেও সংঘর্ষ চলছিল।

কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম নিহত ছেলেটি কলেজের ছাত্র। পরে নিশ্চিত হওয়া গেছে, ছেলেটি বহিরাগত। তাঁকে কারা ডেকে শ্রেণিকক্ষে আনল, গুলি করে মারল কারা, কেন মারল—সবই রহস্যময়।’

খালেদকে গুলিবিদ্ধ অবস্থায় যে তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ফাহাদ আহমদ, কামরান হোসেন ও এমদাদ হোসেন। এ ছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার নয়াগ্রাম থেকে সাহেদ আহমদ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে রামদা উদ্ধার করা হয়েছে। মধ্যরাতে পৃথক অভিযানে কলেজের পাশের সবজি দোকান থেকে মরচে পড়া একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার পরিদর্শক জাহিদুল হক বলেন, শ্রেণিকক্ষে অবস্থান করা নিজ পক্ষের কোনো কর্মীর আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি করা হয়েছে। খুব কাছ থেকে গুলি করায় মাথার পেছনের খোলস ফেটে মগজ বেরিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে গতকাল বেলা তিনটায় বিয়ানীবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলন করেন। তিনি উদ্ধার করা রিভলবার ও রামদা দেখিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সংঘর্ষে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তবে যে গুলিতে খালেদ নিহত হন, সেই অস্ত্রের খোঁজ এখনো মেলেনি। খুনি শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ খোলাসা না করলেও বিয়ানীবাজার শহরজুড়ে এ নিয়ে চলছে নানা কথা। দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রের মহড়া দিতে গিয়ে আত্মঘাতী কোনো ঘটনা ঘটল, না গুপ্তহত্যা করে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করতে চাইছে—এসব বিষয় নিয়ে চলছে নানা কথা।

জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ বলেন, ঘটনার সময় কলেজের বাইরে শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই কলেজের ভেতর সংঘর্ষ ঘটে। খালেদের হত্যাকাণ্ডে এ দুই ঘটনার যোগসাজশ থাকতে পারে।

তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম বলেন, শ্রেণিকক্ষে অবস্থান করা অস্ত্রধারীদের গুলিতে নিহত হন খালেদ। এই অস্ত্রধারী কারা, পুলিশ খুঁজে বের করুক।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১৩ বছর ধরে উপজেলা ছাত্রলীগের কমিটি নেই। কলেজেও কমিটি নেই। এ অবস্থায় আমরা মনে করি ঘটনাটি ছাত্রলীগ নয়, ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতে অবৈধভাবে যাঁরা গ্রুপিং জিইয়ে রাখেন, তাঁরাই দায়ী। এর দায় ছাত্রলীগ নেবে না।’

নিহত খালেদ ছাত্রলীগের কোনো পক্ষের সঙ্গে জড়িত কি না, বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের অজানা। তাঁর বাবা খলিল উদ্দিন কেঁদে কেঁদে বলেন, ‘পুয়া যাতে কোনো অপরাধে না জড়ায়, এ জন্য বিলাত থাকি ফিরি আইছি। ২৭ বছরে পুয়া আমার কোনো অপরাধে জড়ায়নি। মারার পর চলছে অপরাধী করার চেষ্টা চলছে।’

খলিল যখন কথা বলছিলেন, পাশে হাউমাউ করে কাঁদছিলেন মা রেজিয়া বেগম। তিনি ক্যানসার রোগী। রেজিয়া বিলাপ করে করে বলছিলেন, ‘যাঁরা ফোন করে লিটুরে (খালেদ) নিছে, তারাই মারছে’

বিকেলে খালেদদের বাড়িতে যান পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান। সেখানে পরিবারের সদস্যরা খালেদের মুঠোফোন উদ্ধারের দাবি জানান। এ সময় মুঠোফোনটি উদ্ধার ও পরবর্তী তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দেন পুলিশ সুপার।