'ভাই, লবিং, গিভ অ্যান্ড টেক স্রেফ ভুলে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম রব্বানী
গোলাম রব্বানী

ছাত্রলীগে মূল্যায়নের মূল নির্ণায়ক হবে এই সংগঠন ও এর আদর্শের প্রতি কর্মীদের আন্তরিকতা (ডেডিকেশন) আর দায়বদ্ধতা (কমিটমেন্ট)। হ্যালো, ভাই, লবিং আর ‘গিভ অ্যান্ড টেক’নির্ভর রাজনীতি স্রেফ ভুলে যান।

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আজ রোববার নিজে ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেছেন। রব্বানী তাঁর এই পোস্টের শিরোনামে লিখেছেন, ‘তোমরা যারা শেখ হাসিনার ছাত্রলীগ করতে চাও’। তিনি বলেছেন, কর্মীর এবং কর্মীর পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আদর্শিক ত্রুটি বড় অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

রব্বানী বলেন, পদ পেয়ে নেতা বনে যাওয়ার সুযোগ এই ছাত্রলীগে নেই। কর্মীকে মানবিক ও সাংগঠনিক গুণের মাধ্যমে তৃণমূলের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে তাদের মনে ‘নেতা’ হিসেবে আসন গড়তে পারলেই শীর্ষ পদের জন্য বিবেচ্য হবেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, নতুন ইতিহাস গড়ার দৃঢ় প্রত্যয়ে, ইতিবাচকতার নব বার্তা নিয়ে আসা শেখ হাসিনার ছাত্রলীগের একজন গর্বিত অংশীদার হতে চাইলে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস, প্রধানমন্ত্রীর জনবান্ধব উন্নয়ন-রাজনীতির দর্শনে আস্থা রাখা ও শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে নিরলস শ্রম দিতে হবে। সংগঠনে মূল্যায়ন পেতে হ্যালো, ভাই, লবিং আর ‘গিভ অ্যান্ড টেক’নির্ভর রাজনীতি স্রেফ ভুলে যেতে হবে। মানবিক গুণাবলিসম্পন্ন হতে হবে। স্বেচ্ছায় রক্তদান, পীড়িতের সেবা, আর্তমানবতার পাশে দাঁড়ানোসহ যেকোনো জনহিতকর কাজে ছাত্রলীগ থাকবে সবার আগে। একদিকে স্বাধীনতাবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র প্রতিরোধে, প্রতিবাদী মশাল হাতে রাজপথে, আবার সময়ের প্রয়োজনে সৃজনশীলতার কলমে বা কি–বোর্ডে মেধার স্বাক্ষর রাখতে হবে ছাত্রলীগকে।

রব্বানী লিখেছেন, সিটিজেন জার্নালিজম আর সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যথাযথ জ্ঞান থাকতে হবে। অনলাইনে অপশক্তির নেতিবাচক কর্মকাণ্ড ও গুজব-সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দিতে হবে। সংগঠনের প্রতি আবেগ এবং অর্পিত দায়িত্ব-কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। পদ-পজিশন, ক্ষমতা যদি ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের মানসিকতা থাকে, তাহলে সেই কর্মী ছাত্রলীগে বেমানান। হাসিমুখে ভালোবাসা দিয়ে ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করে তাদের অন্তরে শ্রদ্ধা-ভালোবাসার স্থান করে নিতে হবে। ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলে আসন্ন জাতীয় নির্বাচনে ‘নৌকা’র পক্ষে জনমত গড়ে তুলতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে।

কর্মীর মেধা বিকাশে যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে ছাত্রলীগ বদ্ধপরিকর থাকবে।


ছাত্রলীগের নতুন এই সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের বিগত দিনের কমিটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে ছাত্রলীগের যেকোনো পর্যায়ে অনুপ্রবেশের সুযোগ যারা সৃষ্টি করেছে, যারা “ভাই” ভিত্তিক রাজনীতি আর স্বজনপ্রীতির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছেন তারা হয়তো এমনটা তাদের অবচেতন মনে করেছেন। ছাত্রলীগ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে হতাশা, যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেই হতাশা দূর করে আশার আলো ফোটাতে এবারের ছাত্রলীগের কমিটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ছাত্রলীগের প্রতিটি পর্যায়ে এমন জনবান্ধব ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি থাকবে, নেতৃত্ব মূল্যায়ন পদ্ধতি এমন হবে, যেন গণমানুষ ভাবে, সে যেন তাদেরই পছন্দে নির্বাচিত।’