তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রকে ‘ভাদ্র মাসে আষাঢ়ে গল্প’ বলেছে বিএনপি। দলটির অভিযোগ, ‘জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা’ হিসেবে তাঁকে নাশকতার মামলায় জড়িয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের পক্ষ থেকে এই অভিযোগ করেন। তিনি বলেন, এটি জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসার প্রকাশ।
নজরুল ইসলাম বলেন, চার্জশিটে ১৯ নম্বর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গাজীপুরের জয়দেবপুর থানার মণিপুর খাসপাড়া এলাকায় বাস পোড়ানোর ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। গত ২১ জানুয়ারি সংঘটিত ওই ঘটনার উপস্থিত সাক্ষীদের বর্ণনা অনুযায়ী ১৮ জনকে আসামি করে পুলিশ যে এফআইআর দাখিল করেছিল, সেখানে তারেক রহমানের নাম ছিল না। অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের মধ্যে তাঁর নাম আনা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, যিনি একটি বৃহত্তম রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি কী করে অজ্ঞাতনামা আসামিদের একজন হতে পারেন?
বিএনপির দাবি, মণিপুর খাসপাড়া এলাকার জনগণ ভালোবেসে একটা গ্রামীণ রাস্তার মোড়কে ‘তারেক জিয়া মোড়’ বলে ডাকে। ওই মোড়ের নামের সঙ্গে তারেক রহমানের নামের উল্লেখ না থাকলে হয়তো তাঁকে জড়িয়ে এমন গল্প সাজানোর কথা সরকারের মাথায় আসত না। দেশবাসী এই আষাঢ়ে গল্প বিশ্বাস করেনি।
প্রসঙ্গত, মণিপুর খাসপাড়া এলাকায় তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন খোয়াব নামে একটি বাংলো বাড়ি করেন। ওয়ান গ্রুপের প্রতিষ্ঠান ওয়ান কম্পোজিটসহ একাধিক কারখানাও আছে একই এলাকায়।
নজরুল ইসলাম দাবি করেন, তারেক রহমানের ব্যক্তিগত সহকারী বলে যাঁর নাম উল্লেখ করা হয়েছে, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা এবং একজন ব্যবসায়ী। তিনি কখনো তারেক রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন না, এখনো নেই। তিনি কিংবা গাজীপুরের মেয়র আবদুল মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান—কেউই বিএনপির কোনো পর্যায়ের নেতা নন। কথিত আসামিরাও বিএনপি বা কোনো অঙ্গসংগঠনের পরিচিত নেতা-কর্মী নন।
লিখিত বক্তব্যে বলা হয়, যে স্থানে বাস পোড়ানোর ঘটনা ঘটেছিল, তা ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে প্রায় তিন মাইল দূরে, গ্রামাঞ্চলে। সেটা এমন কোনো শিল্পাঞ্চল নয় যে, সেখানে বাস পুড়িয়ে দেশের রপ্তানি-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা যায়। কাজেই এ ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে. তা শুধু অযৌক্তিক নয়, হাস্যকরও।
নজরুল ইসলাম খান বলেন, সরকারি দলের ও জোটের অভ্যন্তরীণ বিবাদে সরকার যখন বিব্রত, খুনখারাবি যখন চরম পর্যায়ে, গুম, খুন, ছিনতাই, চাঁদাবাজি, শিশুহত্যা, নারী নির্যাতন এমনকি হিন্দু সম্প্রদায়ের সম্পদ দখলের ঘটনা যখন সর্বকালের রেকর্ড অতিক্রম করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছে, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা হিসেবে তারেক রহমানকে কাল্পনিক ও বানোয়াট অভিযোগে অভিযুক্ত করা হলো।
অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান নজরুল ইসলাম।