
নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল রোববার পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ হয়েছে। প্রায় ২০ বছর পর ভোট হওয়ায় নয়টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ভোটারদের ঢল নামে। বেশির ভাগ ভোটকেন্দ্রের সামনে সৃষ্টি হয় মেলার মতো উৎসবের পরিবেশ।
করমজা ইউপির সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। সীমানা নিয়ে মামলার কারণে এত দিন বন্ধ ছিল এই ইউপির নির্বাচন। গতকালের নির্বাচনের জন্য ইউনিয়নজুড়ে দুই দিন আগে থেকেই নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। প্রতিটি ভোটকেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি। ফলে প্রতিটি ভোটকেন্দ্রেই নির্ভয়ে ভোট দিতে গিয়েছেন ভোটাররা। ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন।
গতকাল বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে দেখা যায় মেলার মতো উৎসবমুখর পরিবেশ।
বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২টি খাবারের দোকান, পাঁচ-ছয়টি খেলনার দোকান ও একাধিক প্রসাধনীর দোকান বসে গেছে। এসব দোকানে বেচাকেনা যেমন ভালো হয়েছে, তেমনি এগুলোকে কেন্দ্র করে এলাকাবাসী আড্ডায় মেতে উঠেছে। ভুলবাড়িয়া ইউনিয়নের কেষ্টপুর গ্রামের সফদুল মণ্ডল এসেছিলেন মেহেদি বিক্রি করতে। ৫ থেকে ১০ টাকায় তিনি হাতে মেহেদির ছাপ লাগিয়ে দিচ্ছিলেন। তিনি বলেন, ‘এখানে ভোট না মেলা, বোঝাই মুশকিল।’
বড়গ্রাম দত্তপাড়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনেও দেখা যায় একই অবস্থা। সেখানে বড়া বিক্রি করছিলেন ফজল মোল্লা। তিনি বলেন, কৃষিকাজ তাঁর পেশা। শখ করে বড়া বিক্রি করতে এসেছেন। তাঁর বড়ার দোকান ঘিরে এলাকার মানুষের আড্ডা জমে উঠেছে।
ফজল মোল্লার বড়ার দোকানের পাশেই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন বড়গ্রামের কাশেম মোল্লাসহ ১০ থেকে ১২ জন। কাশেম মোল্লা বলেন, ‘এলাকার সব মানুষ দীর্ঘদিন ধইর্যা আজকের এই দিনটার অপেক্ষায় ছিল। এ জন্য আজ সবার মধ্যেই আনন্দ।’
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পুলিশ, র্যাব ও বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশের কারণে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।’