'ভোট সম্পর্কে জনগণের আস্থা ফেরাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. রকিবুল ইসলামসহ অন্যরা। ছবি: প্রথম আলো
গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. রকিবুল ইসলামসহ অন্যরা। ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশনার মো. রকিবুল ইসলাম বলেছেন, ‘১৩ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের আওতায় সব শক্তি যথাযথ দায়িত্ব পালন করবে। ভোট সম্পর্কে জনগণের যে আস্থা কমেছে, তা ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।’

গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মো. রকিবুল ইসলাম এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. রকিবুল ইসলাম বলেন, আস্থার নির্বাচন চাই, একটি ভালো নির্বাচন দেখতে চাই। এ জন্য যে সহযোগিতার প্রয়োজন, প্রার্থীদের তা দিতে হবে। তা না হলে গণতন্ত্র ব্যাহত হবে, উন্নয়ন ব্যাহত হবে এবং দেশের ভাবমূর্তি নষ্ট হবে।

নির্বাচন কমিশনার বলেন, কমিশনের কাছে সব প্রার্থীই সমান। অনিয়মের আশ্রয় নেওয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যে দলেরই হোন না কেন। গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে কেউ আইনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করলে তখন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে আসতে এবং বাড়ি ফিরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। নতুন প্রজন্ম কোনো দল বোঝে না। তারা নিরপেক্ষভাবে ভোট দিতে চায়। তাদের আস্থা অর্জন করার জন্য প্রার্থীদের পরামর্শ দিয়েছেন রকিবুল ইসলাম।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান সরকার, সাংবাদিক শহিদুজ্জামান প্রমুখ।