'ভোটের অধিকারটা যেন হরণ করা না হয়'
কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন অন্দিকুট। নির্বাচনের অগের দিন গতকাল শুক্রবার রাতে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘রাতেই বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স দখলের আয়োজন করেছে আওয়ামী লীগ। শনিবার এখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না, শঙ্কায় আছি।’ তাঁর অনুরোধ, ‘মানুষের ভোটের অধিকারটা যেন হরণ করা না হয়।’
কেবল অন্দিকুট নয়, মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে একই রকম আশঙ্কার কথাই জানা গেল।
যাত্রাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মির্জা আবুল হাসেম বললেন, ‘কুমিল্লা শহর থেকে অনেক বহিরাগত এখানে এসেছে।’ তাঁর আশঙ্কা, এরাই সংঘাত সৃষ্টি করতে পারে।
প্রশাসনের কাছে অনুরোধ, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এমন আকুতি জানালেন দারোরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল আলম চৌধুরী।
মুরাদনগরের ২০টি ইউনিয়নে আজ নির্বাচন হবে।
আওয়ামী লীগের নেতাদের দেওয়া তথ্যমতে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ১৭টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন। এর ফলে সব ইউনিয়নেই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
বাকি তিন ইউনিয়নে জাহাঙ্গীর আলমের পছন্দের প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন। ওই তিন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিচ্ছেন ইউসুফ আবদুল্লাহ হারুন।
মুরাদনগরসহ জেলায় মোট ৪৪টি ইউনিয়নে আজ ভোট গ্রহণ হবে। নির্বাচনের দুদিন আগে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর চার সমর্থককে কুপিয়েছে বিদ্রোহী প্রার্থীর লোকেরা।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রে হাঙ্গামা করলেই পুলিশ গুলি চালাতে বাধ্য হবে। ব্যালট বাক্স ও পেপারে হাত দিলে কঠোর হাতে দমন করা হবে। প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।’