'মডেল শহর' গড়ার প্রতিশ্রুতি দুই দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটির নেতা-কর্মীরা বিয়ানীবাজারকে ‘মডেল শহরে’ পরিণত করতে ভোট প্রার্থনা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভাভুক্ত দুটি ইউনিয়নের সীমানাসংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে মামলা থাকায় টানা প্রায় ১৬ বছর নির্বাচন হয়নি। মামলার নিষ্পত্তি হওয়ায় গত ১৪ মার্চ নির্বাচন কমিশন বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৫ এপ্রিল পৌরসভায় ভোট নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর প্রথম নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আবদুস শুকুর, বিএনপির মো. আবু নাসের, জাসদের শমসের আলম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব, পৌর জামায়াতের সাবেক আমির মুহাম্মদ জমির হোসাইন ও পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাতীয় পার্টির সাহেদ আহমদ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেন। এতে আওয়ামী লীগ ক্রমে ‘মহাজোট’ সমীকরণে অগ্রসর হওয়ায় বিএনপির জেলা নেতারাও বিয়ানীবাজারে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। গত বুধবার থেকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী বিয়ানীবাজারে অবস্থান করছেন। শুক্রবার জেলার সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীও দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামেন। নির্বাচনী প্রচারণায় তাঁরা বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভাকে মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।
মডেল শহর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের নেতারাও। গত বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করে এ প্রতিশ্রুতি দেন। গত রোববার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বিয়ানীবাজারে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ওই দিন বিকেলে তিনি বিয়ানীবাজারে পৌর ছাত্রলীগের কর্মিসভাও করেন।
আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন খান বলেন, ‘দল ক্ষমতাসীন, তাই মানুষের চাওয়াও আমাদের প্রতি বেশি। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এ পৌরসভা স্বাভাবিকভাবে উন্নয়নবঞ্চিত ছিল। পরিকল্পিত উন্নয়নের বিষয়ে জানাতে মডেল শহর গড়ার প্রচারণা এসেছে।’
বিএনপির নেতা এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ভোটারদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে আমরা এই মডেল শহর গড়ার কথা বলছি। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মডেল শহর গড়ার পরিকল্পনা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে বাস্তবায়িত হোক, এ প্রত্যাশা আমাদের।’