'মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও জোর দিয়ে বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী কলেজ মাঠে আজ শুক্রবার বিকেলে ৭১-এর মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা-জনতার এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। খবর বাসসর।
পলাশডাঙ্গা যুব শিবিরের তৎকালীন ডেপুটি কমান্ডার ম ম আমজাদ হোসেন মিলন এমপির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মকবুল হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন হবে, তবে তা সরকারি মেয়াদ পূরণ শেষে ২০১৯ সালের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এর এক দিন আগেও নয়।’
বিএনপির নেত্রীকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আপনি (খালেদা জিয়া) অগণতান্ত্রিক আন্দোলন ছেড়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে পরবর্তীতে এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন।’