'মনোনয়ন-বাণিজ্যে' বিদ্রোহী বেড়েছে আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। টাকা নিয়ে মনোনয়ন দেওয়ায় বিদ্রোহীর সংখ্যা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে স্থানীয় সাংসদের পছন্দের লোকেরা অগ্রাধিকার পান বলে জানা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রায়পুরার এক-তৃতীয়াংশ দুর্গম চরাঞ্চল হওয়ায় সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। এখানে ভোট ৭ মে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রায়পুরার ২৪টি ইউপির মধ্যে ২৩টিতে নির্বাচন হবে। মামলা-সংক্রান্ত জটিলতার কারণে চানপুর ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। রাধানগর ও চান্দেরকান্দি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ দুটিতে শুধু সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোট নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে, তৃণমূলের নেতারা যাঁদের মনোনয়নের জন্য সুপারিশ করেছেন, তাঁদের মনোনয়ন দেওয়া হয়নি। এভাবে যোগ্য ও জনপ্রিয় নেতারা বঞ্চিত হয়েছেন। মনোনয়ন পেয়েছেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের আস্থাভাজন লোকজন এবং যাঁরা বিপুল পরিমাণ টাকা দিয়েছেন তাঁরা। ফলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে আমিরগঞ্জ, মরজাল, মহেশপুর, মীর্জানগর, নিলক্ষা ও চরসুবুদ্ধি ইউপিতে বর্তমান চেয়ারম্যানরা বিদ্রোহী হয়েছেন।
দলীয় কয়েকজন নেতা-কর্মী বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাধানগরের বর্তমান চেয়ারম্যান আবদুস সাদেক সাংসদ রাজিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে দলীয় প্রার্থীদের জয়ী করতে নেতা-কর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তাঁর সরাসরি নির্দেশনায় সাংসদের গাড়ির চালক মফিজ উদ্দিন, সহচর বাবু ও কাউসার দলীয় মনোনয়ন দেওয়ার নাম করে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ থেকে ৫০ লাখ টাকা নিয়েছেন। সাংসদ রাজিউদ্দিন ১৫ দিন ধরে পাশের ভৈরব উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিথিশালায় অবস্থান করছেন। সেখানে দলীয় নেতা-কর্মী ও বিদ্রোহী প্রার্থীদের ডেকে নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন।
চরসুবুদ্ধি ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মোমেন মোল্লা বলেন, ‘এলাকায় গ্রহণযোগ্যতা আছে, তাই আমি দাঁড়িয়েছি। এ কারণে এমপি সাহেব আমার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এলাকায় চাউর হয়েছে আওয়ামী লীগের প্রার্থী (আবদুল নাসির) ৫০ লাখ টাকা দিয়ে দলীয় মনোনয়ন কিনেছেন। আর তাঁকে জয়ী করতে ১২ লাখ টাকা এমপিকে দিয়েছেন। নির্বাচন কেমন হবে আশা করি বুঝতেই পারছেন। এমনটি সব জায়গায়।’
সওজের নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গতকাল বিকেলে প্রথম আালোকে বলেন, ‘গত দুই সপ্তাহে স্যার (রাজিউদ্দিন আহমেদ) সাত-আট দিন অতিথিশালায় গিয়েছেন। এর মধ্যে তিন-চার দিন সেখানে রাতে থেকেছেন।’ এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক মুঠোফোনে গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ সঠিক নয়। রায়পুরায় সবচেয়ে ভালো (ফেয়ার) মনোনয়ন হয়েছে। মনোনয়ন না পেয়ে যাঁরা বিদ্রোহী হয়েছেন, তাঁরাই এই অপপ্রচার চালাচ্ছেন।’
সাংসদ রাজিউদ্দিন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই চর্চা (টাকা নিয়ে মনোনয়ন) রায়পুরায় নেই। বিদ্রোহী প্রার্থীরাই এ অভিযোগ করছেন। আর সন্ত্রাসের রাজনীতি আমি করি না। আমি কাউকে হুমকি-ধমকি দিইনি।’