'মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের বিষয়ে আলোচনা চলছে'
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, মন্ত্রিপরিষদ থেকে জাতীয় পার্টির পদত্যাগের বিষয়ে দলের প্রেসিডিয়াম পর্যায়ে আলোচনা চলছে। এখন থেকে জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে।
গতকাল রোববার বিকেলে ঢাকা থেকে সড়কপথে হবিগঞ্জ যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের হাইওয়ে হোটেল রাজমণিতে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টির পালে নতুন হাওয়া লেগেছে, সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উজ্জীবিত হচ্ছেন। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে।
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্যসচিব মেরাজ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে এরশাদ: হবিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল রোববার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আওয়ামী লীগ জনগণকে নিরাপত্তা দিতে পারছে না। তারা সবকিছুতে দলীয়করণ করেছে।