'মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত এখনো হয়নি। কাল রোববার দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে মাদকবিরোধী প্রচারণা মাসের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, ‘আমাদের দলের প্রেসিডিয়াম ও সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নেবে তাই হবে আমাদের সিদ্ধান্ত। তবে আপাতত মন্ত্রিত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা চাই পার্লামেন্টে ভালো পরিবেশ থাকবে, সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করব। সরকার যদি জনস্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে তার প্রতিবাদ করব। কিন্তু তথাকথিত বিরোধী দল, যে বিরোধী দলের নেতা পাঁচ বছরে পার্লামেন্টে মাত্র ১০ দিন যাবেন, এ রকম বিরোধী দল আমরা হতে চাই না।’
মন্ত্রিসভায় থাকার কারণে জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এ রকম মনে করি না। বরং আমরা আমাদের দলকে সুসংগঠিত করার সুযোগ-সুবিধা পাচ্ছি। যারা বলেন, জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে; তাঁরা দু-একজন ব্যক্তিগতভাবে বলেন, এটা দলীয় কোনো কথা না।’
এর আগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণার সমাপনী উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে মাদকবিরোধী অনুষ্ঠানে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।