'মমতাজ লীগের' কাছে অন্যরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণ জেলা সভাপতি মমতাজ উদ্দিনের হাতে। প্রায় তিন যুগ ধরে এই অবস্থা। মমতাজ উদ্দিনও এক হাতে দল চালানোর কথা স্বীকার করেছেন।
তবে ১০ বছর পর গত বছরের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। কেন্দ্রের নেতারা সভাপতি পদে মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান এবং তিন যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে রাগেবুল আহসান, টি জামান ও মঞ্জুরুল আলমকে নিয়ে ‘সমঝোতার কমিটি’ করে দেন। তবে প্রায় সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কারণ, জেলা থেকে কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে পাঠানো হয়নি।
দলের নেতা-কর্মীরা জানান, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দলীয় কার্যালয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক নেতা। দলীয় কর্মসূচিতেও তাঁদের কেউ কেউ থাকছেন না।
দলীয় সাধারণ সম্পাদক বেশি সক্রিয় থাকেন শেরপুর-ধুনটে। তিন যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রাগেবুল আহসান প্রত্যাশিত পদ না পেয়ে সম্মেলনের পর থেকেই নিজেকে রাজনীতির মাঠ থেকে অনেকটাই আড়াল করে রেখেছেন। অন্য দুই যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে টি জামান দলীয় কর্মসূচিতে আসেন মাঝেমধ্যে। মঞ্জুরুল আলম যুবলীগের সভাপতি পদে থাকায় ব্যস্ততা তাঁর সেখানেই বেশি।
দলীয় সূত্র জানায়, মমতাজ উদ্দিন ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসনে ১৯৭৬ সালে জেলা কমিটির প্রচার সম্পাদক হিসেবে। ১৯৮১ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই দলে তাঁর একচ্ছত্র অবস্থানের শুরু। ১৯৯৬ সালের সম্মেলনে তিনি সভাপতি হন। দেড় যুগেরও বেশি সময় ধরে সভাপতি পদে আছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বলেন, ‘দলের সভাপতি তাঁর ইচ্ছামতো কাউন্সিল তালিকা করায় এবং সম্মেলনের দিন পর্যন্ত কাউন্সিলর তালিকা প্রকাশ না করায় কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করা হয়েছিল। কেন্দ্রের কাছে কাউন্সিলর তালিকা চেয়েও তা পাইনি। উল্টো বিষয়টি সুরাহা না করেই সম্মেলনে আসা কেন্দ্রের নেতারা পাঁচ সদস্যের কমিটির ঘোষণা দেন। এখন কারও ওপর আমার কোনো ক্ষোভ নেই। নিজেকে রাজনীতির মাঠ থেকে আড়াল করে রেখেছি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন, বগুড়ায় আওয়ামী লীগ বলে কিছু নেই, যা আছে তা ‘মমতাজ লীগ’। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে একটি বলয়। শহর ও সদর আওয়ামী লীগের কতিপয় নেতা, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়ে তিনি দলীয় কর্মসূচি পালন করছেন। তাঁরা বলেন, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখার পর জেলা আওয়ামী লীগের ব্যানারে আনন্দ মিছিল বের হয়। সেখানে মমতাজ উদ্দিন ছাড়া আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে দেখা যায়নি।
জেলা কমিটির সাবেক একাধিক জ্যেষ্ঠ নেতার মতে, সভাপতির একা দল চালানোর কারণে সংগঠনবিমুখ হয়ে পড়ছেন নেতা-কর্মীরা। ত্যাগী জ্যেষ্ঠ নেতাদের এখন কোনো কর্মসূচিতে ডাকা হয় না। কমিটি বিলুপ্ত হওয়ার পর দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকায় তাঁরা দলীয় কার্যালয়ে যেতে বিব্রতবোধ করছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বলেন, ‘সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হলেও পৌনে সাত মাসে তা হয়নি। এখন আমরা দলের কেউ নই; সাধারণ কর্মী। জ্যেষ্ঠ নেতা হলেও মূল্যায়ন করা হয় না, কোনো কর্মসূচিতে আমাদের ডাকা হয় না। কেউ যোগাযোগও করে না। এ কারণে নিজে থেকে কার্যালয়ে যেতে সবাই বিব্রতবোধ করে।’
জানতে চাইলে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান বলেন, ‘ছয় বছর ধরে সপ্তাহে দুই দিন করে নির্বাচনী এলাকায় থাকছি। যেহেতু সোনাতলা-সারিয়াকান্দির মানুষের জন্য রাজনীতি করছি, তাই এ দুই উপজেলার দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছি এবং এলাকার উন্নয়ন ও দলকে শক্তিশালী করার জন্য কাজ করছি। জেলা কমিটি যখনই ডেকেছে, তখনই দলের টানে ছুটে গেছি। কিন্তু জেলা কমিটি না ডাকলে তো আর যেতে পারি না। সর্বশেষ গত ডিসেম্বরে জেলা কমিটির সম্মেলনে অতিথি ছিলাম। এখন জেলা কমিটি ডাকে না, তাই যেতে পারি না।’
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজাদা চৌধুরী বলেন, ‘২০১৩ সালের ৩ মার্চের সহিংসতার মামলায় আদালত থেকে জামায়াত-শিবিরের আসামি ছাড়াতে আওয়ামী লীগের নেতা-কর্মী উল্লেখ করে সাংগঠনিক প্যাডে সুপারিশ করেছেন মমতাজ-সমর্থিত নেতারা। জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার এই দায় তিনি (মমতাজ উদ্দিন) কোনোভাবেই এড়াতে পারেন না।’
মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বগুড়ায় আওয়ামী লীগ ছাড়া এখন কোনো দল নেই। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমি একাই শক্ত হাতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা দমন করেছি। আমার একক দাপটেই উধাও জামায়াত-শিবির। বিএনপির ঘাঁটিও লন্ডভন্ড।’ তিনি বলেন, ‘দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি ভালো কথা, কাউকে কী আমরা দলের কর্মসূচিতে আসতে নিষেধ করেছি? জেলা কমিটির সম্মেলনের পর কেউ কেউ উধাও, বিএনপি-জামায়াতের নাশকতাবিরোধী কর্মসূচিতে অনেকের ছায়া পর্যন্ত দেখা যায়নি, প্রতিষ্ঠাবার্ষিকীতে আসেননি। দলের প্রতি দরদ থাকলে তাঁরা আসতেন।’
তবে মমতাজ উদ্দিন এ-ও বলেন, ‘দলে সেই অর্থে কোনো কোন্দল নেই। উপজেলা কমিটিতে একটু-আধটু সমস্যা থাকলেও তা মিটিয়ে ফেলার চেষ্টা করছি।’