'মশাল' ইনুর হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদকে দলীয় প্রতীক মশাল দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর কেন মশাল প্রতীক বরাদ্দ দেওয়া গেল না, তার কারণ ব্যাখ্যা করে দলটির শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান সমর্থিত অংশকেও চিঠি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয় থেকে এ চিঠি দেওয়া হয়।
গত ১২ মার্চ দলের জাতীয় কাউন্সিলে জাসদ দুই ভাগ হয়ে যায়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। এরপর দুই পক্ষই দলের নিবন্ধন ও মশাল প্রতীক নিজেদের দাবি করে কমিশনে চিঠি দেয়। এ বিষয়ে ৬ এপ্রিল কমিশন উভয় পক্ষের শুনানি গ্রহণ করে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইনু-শিরীন সমর্থিত অংশের প্রার্থীরা মশাল প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান অংশের কমিটির কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল প্রথম আলোকে বলেন, ‘কমিশনের এই সিদ্ধান্ত আইনসম্মত নয়। তাদের কাছে বিচার না পেলে আমরা আদালতে যাব।’
ইনু ও শিরীন সমর্থিত জাসদের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাসদের গঠনতন্ত্র অনুসারে কাউন্সিল করে হাসানুল হক ইনু সভাপতি হিসেবে কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের তালিকা এবং কাউন্সিলের কার্যবিবরণীর কপি নির্বাচন কমিশনের অবগতির জন্য পাঠিয়েছেন। তাই তাঁদের অনুকূলে মশাল প্রতীক বহাল রাখা হলো।
আম্বিয়া ও নাজমুল হক প্রধানের বরাবর পাঠানো অপর চিঠিতে বলা হয়েছে, কাউন্সিলে আপনাদের গৃহীত সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক হয়নি। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় মশাল প্রতীক বরাদ্দ করা গেল না।