'মশাল' পাচ্ছে ইনুর জাসদ
জাসদের হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশই ‘মশাল’ প্রতীক পেতে যাচ্ছে। এ বিষয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশনে সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার জাসদের দুই পক্ষকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদই মশাল পেতে যাচ্ছে। কমিশন সে রকম সিদ্ধান্তই নিয়েছে। এটা কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত কি না, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনার আবদুল মোবারক অন্য কমিশনারদের মতের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি। তিনি এ-সংক্রান্ত নথিতে কিছু পর্যবেক্ষণ দেন।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের জাতীয় সম্মেলন হয়। সম্মেলনের নির্বাচন-পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের গন্ডগোল হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। উভয় পক্ষই কমিটি গঠন-সম্পর্কিত তথ্য কমিশনে জমা দেয়। বিবাদ নিষ্পত্তির জন্য কমিশন ৪ এপ্রিল উভয় পক্ষের শুনানি নেয়।