ভারতের রাজ্যসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামের ছিটমহলবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। কেননা, এখানকার বাবা-মায়ের ছেলেমেয়েরা জানে না তারা কোন দেশি। চেনে না জাতীয় পতাকার রং। কিন্তু এখন কাটতে চলছে এমন সংশয়।
পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে ভারতীয় বাগডোগড়া ছিটমহলের বাসিন্দা ছলেমান আলী (৬৫) বলেন, ‘জীবনটা যাযাবর মানুষদের মতোই কেটে গেল। এখন চাই কচি-কাঁচা ছেলেমেয়েরা একটা পরিচয় নিয়ে বেড়ে উঠুক। এ দেশের নাগরিক হচ্ছি। খাঁচার বন্দিজীবন থেকে মুক্তির স্বাদ পাচ্ছি।’
গতকাল বুধবার উপজেলার পাঁচটি ছিটমহলে গিয়ে দেখা যায়, অনেকেই জড়ো হয়ে নিজেদের আনন্দ, কেউবা কিছুটা শঙ্কার কথাও বলেন। তবে প্রায় সবাই বলেন, ‘এত দিন আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারতাম না নাগরিকত্ব নেই বলে। আমাদের মামলা করার অধিকার না থাকলেও বেশ কিছু মামলার আসামি হয়ে ছিটমহলের লোকজন জেলহাজতও খেটেছেন। কোনো সরকারি সুযোগ-সুবিধা না পেলেও এবার নাগরিক অধিকার ফিরে পাচ্ছি। তাই আনন্দের শেষ নেই।’
উপজেলার ভারতীয় ১৪ নম্বর লতামারী (কারিরবাড়ী) ছিটমহলের ৮৫ বছর বয়সী বাসিন্দা ফজলুর রহমান বলেন, ‘হামার কোনোটেও যাবার থান (স্থান) নাই। জীবনের ৮৫ বছরের ৬৭ বছর বনবাসীর (বন্দী) মতোন জীবন কাটানো। কারও সামনোত মাথা তুলি কথা কবার পাই নাই।’
জোংড়া ইউনিয়নের ১১২ বাঁশকাটা ছিটমহলের কৃষক আবদুর ছাত্তারের (৫৬) চোখে আনন্দাশ্রু। তিনি বলেন, ‘অতি তাড়াতাড়ি বাংলাদেশের নাগরিক হতে যাচ্ছি, এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে।’