'মানুষ মারা' থেকে সরতে দুই নেত্রীর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ মারা’ থেকে অবিলম্বে দুই নেত্রীকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগঠনটি দাবি জানিয়েছে, দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতায় আহত, নিহত ও পঙ্গু হওয়া সব যাত্রীর চিকিৎসা ও পুনর্বাসনের দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণপরিবহন, যাত্রী নিয়ে রাজনীতি ও সহিংসতা প্রতিবেদন ২০১৫’ প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি এ দাবি জানায়। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে এই প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালের ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত গণপরিবহনে রাজনৈতিক সহিংসতায় ১৮ জন যাত্রী ও ১১ জন পরিবহন চালক এবং শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৫৫ হাজার ২১৭ জন যাত্রী। সারা দেশে সড়ক পরিবহনে যে ক্ষতি হচ্ছে, তার পরিমাণ দৈনিক ৩০০ থেকে ৩৬০ কোটি টাকা। রাজধানীতে স্বাভাবিক পরিস্থিতি দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে দেশ সচল আছে।

রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ধরন পাল্টাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সভাপতি শরিফ রফিকুজ্জামান, মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।