'মারধরে' আবারও পালাল 'আসল বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহড়া দিতে গিয়ে আবারও ধাওয়া ও মারধর খেয়েছে কথিত আসল বিএনপি। এ সময় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে কেবল ধাওয়া দেওয়ার বিষয়টি বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে কামরুল হাসান নাসিমের প্রায় অর্ধশত সমর্থক নয়াপল্টন এলাকায় যান। তাঁরা জোনাকি সিনেমা হলের পাশের গলি থেকে বের হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে আগে থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে ‘আসল বিএনপির’ সমর্থকদের মারধর শুরু করলে তাঁরা পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে কামরুল হাসান নিজেকে বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আজ আমাদের শান্তিপূর্ণ চতুর্থ মহড়া ছিল। কিন্তু ওরা তো সব সময় অশান্তি করে। আমাদের ছয়জনকে আহত করেছে।’ মহড়াতে তিনি ছিলেন কি না, জানতে চাইলে কামরুল হাসান বলেন, ‘এখন তো মহড়া হচ্ছে, আমি কেন যাব?’ তাঁর ভাষায়, গত ২ জানুয়ারি প্রথম ও ১৭ জানুয়ারি দ্বিতীয় ‘মহড়া’ হয়। দুবারই ধাওয়া ও মারধরের শিকার হন তাঁর সমর্থকেরা।

আজকের ‘আসল বিএনপির’ মহড়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল হক প্রথম আলোকে বলেন, তারা (আসল বিএনপি) বেলা আড়াইটা–তিনটার দিকে জোনাকি হলের পাশ থেকে আসছিল। এরপর ধাওয়া দিলে পালিয়ে যান।

গত বছরের জানুয়ারিতে কামরুল হাসান বিএনপির গঠনতন্ত্র স্থগিত করার ঘোষণা দিয়ে দল পুনর্গঠনের দাবি জানান। এ লক্ষ্যে গত ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি কথিত জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত বসান।

কামরুল হাসানের তৎপরতা সম্পর্কে বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, এসব সরকারি নীলনকশার অংশ। কথিত আসল বিএনপি সরকারের উচ্ছিষ্টভোগী ও টোকাই।