'মিথ্যা' মামলা মনে হয় এক লাখ ছাড়িয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে নিস্তব্ধ করতে সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা অসংখ্য, মনে হয় এক লাখ ছাড়িয়ে গেছে। শীর্ষ নেতাদের কারও বিরুদ্ধেই ২৫টির কম মামলা আছে বলে মনে হয় না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ সব কথা বলেন।
ফখরুল বলেন, জনবিচ্ছিন্ন সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্য স্থির করেছে। এ জন্য তারা বিরোধী দলকে পুরোপুরি নিস্তব্ধ করে দিতে চায়। তিনি বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণেই তারা ‘মিথ্যা’ মামলাকে বড় অস্ত্র হিসেবে বেছে নিয়েছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, যে মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার এজাহারে রিজভীর নাম ছিল না। অভিযোগপত্র দাখিলের সময় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তিনি এবং তাঁর আইনজীবীরাও জানতেন না।
মির্জা ফখরুল বলেন, দ্রুততার সঙ্গে মামলাটি সিএমএম কোর্ট থেকে বিচারিক আদালতে স্থানান্তর করা হয়েছে। এর উদ্দেশ্যটা পরিষ্কার।
রিজভী এখন কোথায় আছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তিনি (রিজভী) গ্রেপ্তার এড়িয়ে চলছেন। তিনি যাতে নির্বিঘ্নে আদালতে যেতে পারেন, সে জন্য লিখিত আবেদন করেছেন।