'মিয়ানমার ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবির নায়েক রাজ্জাক
বিজিবির নায়েক রাজ্জাক

বাংলাদেশের সীমানা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম।
আজ সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় হাজী সেলিম বলেন, ‘ছবিতে দেখেছি, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী রাজ্জাককে হাতকড়া পরিয়ে রেখেছে। এর অর্থ, ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, সারা বাংলাদেশকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।’
বিজিবির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে হাজী সেলিম বলেন, বিজিবির জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তারা কী করে? তাদের কি শক্তি নেই? শক্তি থাকলে তো এমন হওয়ার কথা নয়। তাদের এ ভূমিকায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
হাজি সেলিম বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক আছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে নেই। সারা বিশ্বে একটা কলঙ্কের নাম মিয়ানমারের বিজিপি। তারা চোরাচালান, মাদক আর ইয়াবার ব্যবসায় জড়িত। তারা গুলি চালাল, আর একজনকে তুলে নিয়ে গেল। বিজিবি কিছুই করল না। তিনি আরও বলেন, কোনো কূটনৈতিক আলোচনা না করে, পতাকা বৈঠক না করে বিজিবির নায়েক রাজ্জাককে আটকে রাখা হয়েছে। এরপর বিজিপির ফেসবুকে তিনটি ছবি আপলোড করা হয়েছে। তার একটিতে দেখা গেছে, রাজ্জাকের নাক দিয়ে রক্ত ঝরছে। আরেকটিতে হাতকড়া পরিয়ে তাঁকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।

আজ সংসদের ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, ফজিলাতুন্নেসা ইন্দিরা, এম এ হান্নান প্রমুখ। এরপর সংসদের অধিবেশন আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।