'মীরজাফরদের' অভিনন্দন জানায় আ. লীগ: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

এক-এগারোর ‘যুদ্ধের ময়দানের মীরজাফরদের’ আওয়ামী লীগ অভিনন্দন জানিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন নামের একটি সংগঠন সুন্দরবন দিবস-২০১৬ উপলক্ষে ‘সুন্দরবন সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না করে রিজভী বলেন, ‘কাশিম বাজার কুঠিতে যাঁরা ষড়যন্ত্র করলেন, সেটা বড় হলো। কিন্তু যাঁরা যুদ্ধের ময়দানে মীরজাফরের মতো ভূমিকা পালন করল, আপনি তাদের অভিনন্দিত করলেন। মঈন উদ্দীনকে (সাবেক সেনা প্রধান) আব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করলেন আপনার এক মন্ত্রী।’
রিজভী বলেন, এক-এগারোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের পটভূমি তৈরি করার জন্য তাঁর দলের অনেক মন্ত্রী কাউকে কাউকে, বিশেষ করে সম্প্রতি একটি ইংরেজি পত্রিকার সম্পাদককে দায়ী করছেন। তিনি বলেন, এক-এগারোয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এক বছর তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তাঁর দুই ছেলেকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। সেটার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেননি ওই ইংরেজি পত্রিকার সম্পাদক। তিনি দুঃখ প্রকাশ করেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী জেলে গেছেন, তার ওপর প্রতিবেদন প্রকাশের জন্য। 

সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, ‘রামপালের প্রকল্প প্রধানমন্ত্রী চান বলেই হচ্ছে। এখানে আইনগত দিক থেকে শুরু করে সবকিছু সম্পন্ন করেছে সরকার। করতেই হবে, কারণ না করতে পারলে ভারতের সঙ্গে গভীর প্রেমে ঘাটতি পড়ে যাবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি ভারতের যে নীতি, সেখানে যদি দেখি বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হবে, সার্বভৌমত্ব বিপন্ন হবে, তাহলে কি দেশের মানুষ তার প্রতিবাদ করবে না? নিশ্চয়ই করবে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের বিরুদ্ধে নই।’
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, ‘সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) অপেক্ষায় থাকেন, বিচারকেরা জামিন বাতিল করছেন কি না, আটকাদেশ বহাল রাখছেন কি না। এর জন্য যত ধরনের প্রক্রিয়া, সেটা তিনি করেন। এমনকি আদালতের রায় উপেক্ষা করে তাঁর অফিস থেকে জেলখানায় বলে দেওয়া হয়, আমাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না।’
এই কারণে বিএনপির নেতা এম কে আনোয়ার, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ মুক্তি পান না বলে অভিযোগ করেন রিজভী।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা শামীমুর রহমান, আইনজীবী মোহাম্মদ শাহজাহান, শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।