১৯ মার্চ অনুষ্ঠেয় বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনের প্রতিপাদ্য ‘মুক্ত করবই গণতন্ত্র’। এবারের সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে ‘দুর্নীতি-দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সম্মেলনের লোগো, থিম ও স্লোগান প্রকাশ করে ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু সম্মেলনের লোগো উন্মোচন করেন। জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ ও ধানের শীষের সমন্বয়ে লোগো তৈরি করা হয়েছে।
পরে বিএনপির ১১টি অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতারা এবারের সম্মেলন উপলক্ষে আলাদা স্লোগান প্রকাশ করেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা দলের স্লোগান হচ্ছে ‘মুক্তির মূলমন্ত্র, মুক্ত করব গণতন্ত্র’। মহিলা দল স্লোগান ঠিক করেছে, ‘চেতনায় নারী, বিপ্লবে নারী: গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’। ছাত্রদলের স্লোগান হলো ‘বাঁচতে চাই, পড়তে চাই: দুর্নীতিমুক্ত দেশ চাই’।
বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনের ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপির পঞ্চম সম্মেলনের স্লোগান ছিল ‘নানা মানুষের নানা পথ, দেশ বাঁচাতে ঐক্যমত’। তিনি বলেন, নানা মত ও পথের মানুষ একমত হতে না পারায় আজ দেশের এ দুরবস্থা।