‘এটা ভুলে গেলে চলবে না, আমি সংখ্যালঘু। মুখে বড় কথা বললে হবে না, ছোট্ট সম্প্রদায় হিসেবে আমরা ভীত’—কথাগুলো বলেছেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের সঙ্গে গতকাল বুধবার বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের নেতাদের মতবিনিময় সভায় অসীম রঞ্জন বড়ুয়া এসব কথা বলেন। সভায় অংশ নেওয়া অন্য ব্যক্তিরা গুপ্তহত্যার বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা তাঁদের ভীতি ও শঙ্কার কথা জানিয়ে সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা পরিবেষ্টনী তৈরির আহ্বান জানান।
বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এই মতবিনিময় সভা ডাকে ১৪ দল। কয়েক দিন আগে ১৪ দল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় করে।
পুলিশের হয়রানির একটি ঘটনা উল্লেখ করে অসীম রঞ্জন বড়ুয়া বলেন, ‘১৪ দলের নেতাদের বলব, আপনারা পুলিশকে থামান। পুলিশ মনে হয় একটু বেশিই করছে।’ এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সভায় গুপ্তহত্যার বিষয়ে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, ‘সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল, অশুভ শক্তি প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা এই দেশের সন্তান। এখানেই আমাদের বাঁচতে হবে। আমাদের পা দুই নৌকায় নেই। অর্থাৎ, দুই দেশে নেই। আমাদের দুটো পা-ই বাংলাদেশে। কোনো দেশে আমরা উদ্বাস্তু হতে চাই না। যদিও কোনো কোনো দেশ মানবাধিকারের প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আমরা সেই দেশে গিয়ে উদ্বাস্তু হতে পারি না।’
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, গুপ্তহত্যা বন্ধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দল আরও কর্মসূচি নেবে।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব অশোক বড়ুয়া, পুলিশের সাবেক ডিআইজি পিয়ার বড়ুয়া, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নেতা হিউবার্ট গোমেজ প্রমুখ।