'মেয়রের বিলবোর্ড আগে সরাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগানো হয়েছে। সেগুলো সবার আগে সরিয়ে ফেলতে হবে। মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে এই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে নগরের সৌন্দর্য বিলবোর্ডে ঢাকা পড়েছে। এই বিলবোর্ড অপসারণে রাজনীতিই প্রধান বাধা বলে মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে আয়োজিত বৈঠকে ওবায়দুল কাদের যত্রতত্র বিলবোর্ড স্থাপনের কঠোর সমালোচনা করেন।
ওবায়দুল কাদের মেয়রকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে শুভেচ্ছা জানিয়ে লাগানো ব্যানার ও বিলবোর্ড নামিয়ে নগরের পরিচ্ছন্নতা অভিযান শুরু করুন। নগরের বিভিন্ন জায়গায় আপনার নামে বিলবোর্ড লাগানো হয়েছে। এতে নগরের সৌন্দর্য ঢাকা পড়েছে।’
মন্ত্রী বলেন, বিলবোর্ড উচ্ছেদে প্রধান বাধা রাজনীতি। কিন্তু নতুন মেয়র আগের মেয়রদের তুলনায় অপেক্ষাকৃত তরুণ। তাই এ রাজনৈতিক বাধা সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন তিনি।